খাগড়াছড়িতে প্রথম করোনা রোগী শনাক্ত

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২২:১৪

এতদিন পর্যন্ত করোনামুক্ত থাকা খাগড়াছড়ির শেষ রক্ষা হলোনা। শেষ পর্যন্ত করোনা রোগীর সন্ধান মিললো খাগড়াছড়ির দীঘিনালায় শান্তিপুর এলাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা এক গার্মেন্টস কর্মীর শরীরে।  এটাই খাগড়াছড়িতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ সাংবাদিকদের জানান ,‘বিভিন্ন এলাকা থেকে আসা ৫০ জনকে ঐ কেন্দ্রে  প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয়। আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্যদের সংক্রমণ হয়েছে কিনা তাও এখন পরীক্ষা করে দেখা হবে।’

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার জানান, ‘৩৫ বছর বয়স্ক করোনা আক্রান্ত এ ব্যক্তি একজন গার্মেন্টস শ্রমিক । তিনি নারায়ণগঞ্জ ফেরত । গত ১৮ এপ্রিল থেকে ঐ ব্যক্তি দীঘিনালার ক্যামুক্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রয়েছেন।  কয়েকদিন আগে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হলে পরীক্ষায় করোনায় পজেটিভ আসে।’

ইত্তেফাক/এসআই