একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ধানের শীষের পাঁচ ও লাঙ্গলের এক প্রার্থী ভোট বর্জন করেছেন। রবিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ ৬ প্রার্থী ভোট বর্জন করেন।
তারা হলেন- খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনের বিএনপির প্রার্থী আমীর এজাজ খান, একই আসনে মহাজোটের শরীক দল জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সুনীল শুভ রায়, খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনের বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ।
কেন্দ্র দখল, জাল ভোট, ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া এবং পুলিশের বিরুদ্ধের ভোট জালিয়াতির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন ধানের শীষ প্রার্থীরা। একই অভিযোগে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সুনীল শুভরায় ভোট বর্জন করেন।
আরো পড়ুন : নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে : মাশরাফি
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ভোট গ্রহণের ১ ঘণ্টার ভিতরে ৫ আসনের সকল ভোট কেন্দ্রের ভোট কক্ষের দরজা বন্ধ করে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়া হচ্ছে। ভোট গ্রহণের পর থেকে শত শত ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেয়া হয়েছে। বেশ কিছু নেতা-কর্মীদের পিটিয়ে আহত করা হয়েছে। অনেককে পুলিশ গ্রেফতার করেছে। এ কারণে প্রহসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’
রকিবুল ইসলাম বকুল দাবি করেন, পুলিশ ও আওয়ামী লীগের ক্যাডাররা তাকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে। তিনি এ প্রহসনের নির্বাচন বর্জন করছেন।
আমীর এজাজ খান বলেন, ‘জাল ভোটের এ নির্বাচন আমি বর্জন করেছি।’
ইত্তেফাক/ইউবি
