পল্টনে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০০:৩১

রাজধানীর পল্টন এলাকার একটি সেলুনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে তিন জন দগ্ধ হয়েছেন। তারা হলেন সেলুন মালিক আবুল কালাম, পথচারী শাহ আলম ও সেলুনে চুল কাটাতে যাওয়া রাসেল। গতকাল বুধবার রাতে এ ঘটনার পর তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পল্টন থানার এসআই কাজী আশরাফুল হক বলেন, ৪৪ নম্বর নয়া পল্টনের স্টাইল জোন সেলুনে রাত পৌনে ৯টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ সময় আগুন ধরে যাওয়ায় তিন জন দগ্ধ হন। দোকানটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কী কারণে বিস্ফোরণ ঘটে তা তদন্তের পর বলা যাবে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে শাহ আলমের অবস্থা সংকটাপন্ন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।