পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার দাবি নার্স নেতাদের

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০০:৩২

নিয়োগ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি। সম্প্রতি করোনা সংকটকালে নতুন করে ৬ হাজার নার্স নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর ৬ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়ার জন্য পিএসসিকে চাহিদাপত্র পাঠায় স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু পাবলিক সার্ভিস কমিশন বলছেন, তারা ২০১৮ সালের নার্স নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে ৫ হাজার নার্স নিয়োগ দিতে পারবে। পুরো ৬ হাজার নার্স তারা এখন নিয়োগ দিতে পারবে না। 

বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস) নেতৃবৃন্দ বলছেন, ২০১৮ সালের গ্র্যাজুয়েট নার্স নিয়োগের লিখিত পরীক্ষায় ১১ হাজার ৩৫৭ জন নার্স উত্তীর্ণ হন। সেখান থেকে ৫ হাজার ১০০ জনের মৌখিক পরীক্ষার পর নিয়োগ হয়। বাকি আরো ৬ হাজার ২৫৭ জন কোয়ালিফাইট নার্স আছেন। অথচ পাবলিক সার্ভিস কমিশন বলছে, তাদের কাছে ৫ হাজার ৫৪ জন কোয়ালিফাইট নার্স আছে। বাকি আরো ১ হাজার নার্স তাদের নেই। কিন্তু বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির নেতৃবৃন্দ বলছেন, পিএসসি চাইলে আরো ১ হাজার নার্স নিতে পারে। কারণ ২০১৮ সালের নার্স নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিক পরীক্ষার আগেই সার্টিফিকেট না থাকার কারণে ১ হাজার জন উত্তীর্ণ নার্সকে মৌখিক পরীক্ষা দিতে দেওয়া দেননি। ফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এখনো ঐ ১ হাজার মেধাবী নার্স বর্তমানে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন। এখন পিএসসি চাইলে ২০১৮ সালের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ঐ নার্সদের নিয়োগ দিতে পারেন। বিবিজিএনএসের নেতৃবৃন্দ ২০১৮ সালের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নার্সদের বর্তমান পরিস্থিতিতে নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।