মনোহরগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত ১

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৯:১১

কুমিল্লার মনোহরগঞ্জে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হলেন রিকশাচালক শাহজাহান মিয়া (৪৫)। বুধবার বিকেল ৩টায় উপজেলার মৈশাতুয়া ইউপির আশিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও ধানকাটা শ্রমিক সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির কাছেই এক প্রতিবেশীর কৃষকের ধান কাটতে যান ৮/৯ জন শ্রমিক। কাটা শেষে বিকাল প্রায় ৩টার দিকে ধানের আটি পার করে কৃষকের বাড়ি নেয়ার জন্য অন্যদের মাথায় তুলে দিলে একে একে পার হতে থাকেন অন্য শ্রমিকরা। নিজে মাঠেই থেকে যান।

মাথায় ধানের আটি নিয়ে অন্য শ্রমিকরা কিছুদূর যাওয়ার পর বজ্রপাত হলে তাৎক্ষণিক ভাবে মাটিতে লুটিয়ে পাড়েন রিকশাচালক শাহজাহান। কিছুক্ষণ পর স্থানীয়দের সহযোগিতায় সহপাঠী শ্রমিকরা তাকে উদ্ধার করতে গেলে বজ্রপাতে আহত শাজহানের মুখে রক্তক্ষরণ দেখে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শাহজাহান মূলত: রিকশাচালক। 

অভাব অনটনের সংসারে রেখে গেলেন স্ত্রী ও ৪ সন্তানকে। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা। তিনি বজ্রপাতে নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

ইত্তেফাক/এসআই