বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা আব্দুর রব মুন্সীকে পাশে রেখেই ত্রাণের চাল বিতরণ করেছে ইউপি চেয়ারম্যান। বুধবার চরগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সামছুল বাড়ী মনির করোনা জয়ী আব্দুর রব মুন্সীকে প্রধান অতিথি করে চাল বিতরণ করেন।
করোনা আক্রান্ত হয়ে ২২দিন আইসোলেশন শেষে ২৮ এপ্রিল মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পায় করোনা জয়ী আব্দুর রব মুন্সী। ঐ ছাড়পত্রে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা ছিলো। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে পরদিন জনসমক্ষে আসায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
তবে চরগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল বাড়ী মনির সাংবাদিকদের জানান, আতঙ্ক রোধ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই সুস্থ হওয়া ঐ ব্যক্তির করোনা ভাইরাস জয়ের কথা শোনানো হয় স্থানীয়দের। এসময় সেখানে আসা স্থানীয় গ্রামবাসী আগ্রহ নিয়ে তার কথা শোনে এবং নানান সচেতন কথা শোনে।
চেয়ারম্যান মনির জানান, এতে সাধারণ গ্রামবাসী সচেতন হবেন এবং ঐ ব্যক্তি সমাজে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রমিজ আহম্মেদ জানান, কোনো কারণেই তাকে লোকজনের মধ্যেই আনা ঠিক হয়নি। ১৪দিন কোয়ারেন্টাইন শেষে হলে তার আরো একটা পরীক্ষা শেষে তার সুস্থতা বোঝা যাবে। এ ১৪ দিন সে বাড়িতে থাকবে। কোনো কারনেই বাড়ি থেকে বের হবেন না।
বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে ছাড়পত্রে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়। তিনি মেহেন্দিগঞ্জের এ ঘটনাটি রোগী এবং সংশ্লিষ্টদের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে আলোচনা করে করা উচিত বলে জানান।
প্রসঙ্গত মেহেন্দিগঞ্জের কাজীরচর গ্রামের বাসিন্দা আব্দুর রব মুন্সী পরিবার নিয়ে নারায়ণগঞ্জ থাকতেন। গত ৮ এপ্রিল তিনি জ্বর-সর্দিতে আক্রান্ত হয়ে গ্রামে আসেন। এ নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১২ এপ্রিল পরীক্ষা করে তার দেহে করোনা শনাক্ত হলে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। ২২ দিন চিকিৎসাধীন থেকে ২৮ এপ্রিল বাড়িতে ফেরেন তিনি।
ইত্তেফাক/আরকেজি
