ঝিনাইদহে ত্রাণের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছে জনতা। এসময় চেয়ারম্যানকে লাঞ্ছিত করেন ত্রাণ বঞ্চিতরা।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেন বাড়িবাথান, ফকিরাবাদ ও রাজাপুর গ্রামের কয়েক’শ নারী-পুরুষ।
তাদের দাবি, চেয়ারম্যান তাদের কাছ থেকে ভোটার কার্ড নেন। কিন্তু কোন ত্রাণ সহায়তা দেননি। বিক্ষোভ শুরু হওয়ার পর ঘটনাস্থলে যান চেয়ারম্যান কে এম নজরুল ইসলাম।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চেয়ারম্যানের কাছে ত্রাণ দাবি করলে তিনি তর্ক শুরু করেন। এক পর্যায়ে চেয়ারম্যান বিক্ষোভকারী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তখন উপস্থিত বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের উপর হামলা করে তাকে লাঞ্ছিত করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান তিনি। ত্রাণ দেওয়া হবে বলে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন। পরে তারা চলে যান।
এদিকে চেয়ারম্যান এ ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত সরকারিভাবে ১০ টন চাল বরাদ্দ পেয়েছি। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বর ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সমন্বয়ে তালিকা করে সুষ্ঠুভাবে বণ্টন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এরপরও বাড়িবাথান, ফকিরাবাদ ও রাজাপুর গ্রামের ৫’শ পরিবারের জন্য উপজেলা পরিষদ থেকে ত্রাণ বরাদ্দ করা হয়েছে। তার তালিকা করা হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রাণ সহযোগিতা করা হবে। এর মাঝে ষড়যন্ত্রমূলকভাবে লোকজন ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। আমি তাদের শান্ত করার চেষ্টা করলে পূর্বপরিকল্পিতভাবে আমার উপর হামলা চালানো হয়।’
ইত্তেফাক/জেডএইচ
