নির্বাচন বর্জন করেছেন সিরাজগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী কন্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। তার নির্বাচনী এলাকায় কেন্দ্র দখল, জাল ভোট এবং তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন তিনি।
ভোট বর্জনের ব্যাপারে কনকচাঁপা বলেন, 'প্রকৃতপক্ষে এই ভোট নিয়ে আমি খুবই বিক্ষুব্ধ অবস্থায় আছি। এটা কখনো মেনে নেওয়া যায় না। আমার প্রতিটি কেন্দ্রে আমি এজেন্ট পাঠালেও তাদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আগের রাতে ভোট দেওয়া হয়ে গেছে। তারা নিজেরা ভোট দিচ্ছেন। কাউকে ভোট দিতে দিচ্ছেন না। সেইসঙ্গে তারা ওপেনলি বলছে ভোট দিলে নৌকাতেই দিতে হবে, অন্য কোথাও দেওয়া যাবে না। এটা আসলে প্রহসনের ব্যাপার, এটা প্রহসনের নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে আমার নির্বাচন প্রত্যাখ্যান করছি'।
আরও পড়ুন: ‘নেকড়ে চাঁদ’ দেখা যাবে ২০১৯ সালে
তিনি আরও বলেন, 'সব হেরে যাওয়ায় হেরে যাওয়া না, সব জিতে যাওয়ায় জিতে যাওয়া না।’ আওয়ামী লীগ এতদিন ধরে কাজ করে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিলেন সারাদেশকে। সেখানে এত খেলার তো কোন দরকার ছিল না। তারা যদি এতই জনপ্রিয় হন তাহলে তো জনগণের ভোটে এমনি নির্বাচিত হতেন। সেখানে এত নিকৃষ্ট খেলার কোন দরকারই ছিল না। সেখানে নিজেকেই তারা পরাজিত করলেন।
ইত্তেফাক/জেডএইচডি/এমআই
