পীরগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষ: নিহত ১, আটক ৬

আপডেট : ০১ মে ২০২০, ২১:৪০

রংপুরের পীরগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে রত্নেশ্বর গ্রামের ইদ্রিস আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়ছেন। আহত হয়েছেন ৬ জন। ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কুমেদপুর ইউনিয়নের রত্নেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে খাস জমি নিজ দখলে নিতে রত্নেশ্বর গ্রামের লুৎফর ও দুদু মিয়ার মধ্য বিরোধ চলছিল। বিতর্কিত ওই জমিতে প্রথমে লুৎফর বোরো চারা রোপন করেন। 

কিছুদিন পর দুদু লোকজনসহ ওই চারা উপড়ে ফেলে পুনরায় বোরো চাষ করেন। শুক্রবার ধান কাটতে  দু’পক্ষ ভাড়াটে লোকজন নিয়ে আসে। দুদুর উপস্থিতির আগেই লুৎফরের লোকজন ধান কেটে বাড়িতে নেয়ার প্রাক্কালে পথিমধ্যে দুদুর সমর্থকরা বাঁধা দেন। ফলে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের ৭জন আহত হন। আশংকাজনক অবস্থায় লুৎফরের ভগ্নিপতি চাঁপাবাড়ি গ্রামের মৃত ছফের আলীর ছেলে ইদ্রিস আলী, রত্নেশ্বর গ্রামের নয়ন মিয়ার ছেলে লুৎফর, পার্বতিপুর গ্রামের সেকেন্দারের ছেলে ইলিয়াস ও চাঁন মিয়া, মানিকের স্ত্রী শাপলা, হাজীপুর গ্রামের লুলুর স্ত্রী নারগিছ ও ইদ্রিসের স্ত্রী জহিরনকে রংপুর মেডিকেলে নেয়ার পথে ইদ্রিস আলীর মৃত্যু ঘটে। 

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাপ-বেটাসহ ৬জনকে আটক করে থানায় নিয়ে আসে। এরা হলেন- রত্নেশ্বরপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আবু কালাম আকন্দ ও তার ছেলে রুবেল আকন্দ, মৃত হোসেন আলীর ছেলে আব্দুল আজিজ, আব্দুল বারির ছেলে আবু বক্কর, মৃত আজগারের ছেলে আব্দুল জব্বার ও লাল মিয়ার ছেলে সুজা মিয়া।

আরও পড়ুন: বকশীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, দুই ধর্ষকের সাজা

অফিসার ইনচার্জ সরেস চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/কেকে