তালায় আক্রান্ত ব্যক্তির কর্মস্থলসহ আরো ৭ বাড়ি লকডাউন

আপডেট : ০২ মে ২০২০, ০৯:২০

তালায় করোনায় আক্রান্ত ঐ এনজিও কর্মীর কর্মস্থান সাতক্ষীরা ঋশিল্পী ইন্টারন্যাশনালসহ তার সংস্পর্শে আসা গোপীনাথপুর, রাজনগর ও উত্তর কাটিয়ার মোট সাতটি বাড়ি লকডাউন করা হয়েছে। শুক্রবার (১ মে)  সাতক্ষীরা জেলা পুলিশ এসব প্রতিষ্ঠান ও বাসা লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেয়। এরআগে তালা উপজেলার কাপাসডাঙ্গা গ্রামে রোগীর বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়। আক্রান্ত ওই যুবককে বাড়িতেই কোয়ারেন্টাইন করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম-বার) বলেন, সাতক্ষীরা জেলায় প্রথম কোভিট-১৯ পজেটিভ ব্যক্তি তালার ঐ যুবক বিনেরপোতা ঋশিল্পী ইন্টারন্যাশনালে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে এবং অন্যান্য ভাবে বেশ কয়েকজন ব্যক্তি তার সংস্পর্শে আসেন বলে অনুসন্ধানে জানা যায়।

এমতাবস্থায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কল্পে এবং এলাকাবাসীর সর্বোত্তম স্বার্থে ঋশিল্পী ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটি এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের বাসা শুক্রবার লকডাউন করা হয়েছে। লকডাউন করার সময় আক্রান্ত ব্যক্তি সম্ভাব্য যাদের দ্বারা সংক্রমিত হয়ে থাকতে পারেন, সে বিষয়টিও বিবেচনায় করে পুলিশ।

এভাবে, গোপীনাথপুর, রাজনগর ও উত্তর কাঠিয়ার মোট সাতটি বাসা এবং প্রতিষ্ঠান লকডাউন করা হয়। এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিজ বাসায় অবস্থান করা এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবক বলেন, ত্রাণ দেয়ার কাজ করেছি ৭/৮ দিন আগে। সাতক্ষীরা শহরের সুলতানপুর ও আলীপুর এলাকায় সংস্থার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছি। গত মঙ্গলবার থেকে একটু মাথা ব্যথা করছিল। এরপর গত ২৮ তারিখে তালার কুমিরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে শরীরের নমুনা দিয়ে আসি। এরপর থেকে আর কোথাও যায়নি, বাড়িতেই রয়েছি। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের স্বাস্থ্যকর্মী ফোন করে জানিয়েছে, আমার শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে।

তিনি বলেন, বর্তমানে শরীরের তাপমাত্রা ৯৮ ডিগ্রি। বুধবার থেকে জ্বর নেই। হালকা সর্দি রয়েছে। গায়ে ব্যথা নেই। নমুনা দিয়ে আসার পর থেকে বাড়িতে আলাদা থাকছি। স্ত্রী, সন্তানসহ পরিবারের কারও সংস্পর্শে যায়নি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে খুলনা থেকে বিষয়টি জানতে পেরে ওই যুবকের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই যুবককে বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। তাকে হাসপাতালে নেয়ার মত অবস্থার সৃষ্টি হয়নি। তার পরিবার ও আশপাশের লোকজনের নমুনা সংগ্রহ করেও পরীক্ষা করা হবে।

তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত ঐ ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ শুক্রবার আক্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন। এ সময় তিনি লকডাউনে থাকা পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পাঠান।

ইত্তেফাক/আরকেজি