করোনায় আক্রান্ত হয়ে জীবন দেওয়া চিকিৎসক ডা. মো. মঈন উদ্দিন, সাংবাদিক হুমায়ন কবির খোকন ও পুলিশ কসস্টেবল জসিম উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে এমন তথ্য জানান তিনি।
তিনি বলেন, আজ বেশ প্রশান্তি নিয়ে লাইভে এসেছি। কারণ করোনা যুদ্ধে শহীদ হওয়া চিকিৎসক ডা. মো. মঈন উদ্দিনের পরিবারের অনুমতিক্রমে আমার কথা দেওয়া দুই লক্ষ টাকা তার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছি। পাশাপাশি ঢাকাতে মৃত্যুবরণকারী সাংবাদিক খোকনের জন্য আমার জেলার স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ৫০ হাজার টাকা ও পুলিশ কনস্টেবল জসিমের পরিবারের জন্য নোয়াখালীর এসপির মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠানোর ব্যবস্থা করেছি।
এ সময় নিজের এলাকার বিত্তবানদের উদ্দেশ্যে বলেন, আমার নোয়াখালীতে অনেক বিত্তবান মানুষ রয়েছেন। কিন্তু এই দূর্যোগে তাদের পাওয়া যাচ্ছে না। আমি অনুরোধ করবো মানুষের এই বিপদে পাশে থাকেন। এই সম্পদ আপনার কাজে আসবে না। মনে রাখবেন আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে।
করোনা সংক্রমণ মোকাবেলায় নোয়াখালীর হতদরিদ্র মানুষের জন্য ‘একরাম চৌধুরী ফাউন্ডেশন’ গঠন করেন সংসদ সদস্য একরাম। সেখানে ৫০ লাখ টাকা অনুদানও দেন তিনি। এছাড়া সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে নোয়াখালী জেলার ৬০ থেকে ৭০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন তিনি।
ইত্তেফাক/জেডএইচডি
