পাবনায় নাতির হাতে নানীসহ খুন ২

আপডেট : ০২ মে ২০২০, ১৫:২৮

পৃথক দুটি ঘটনায় নাতির হাতে নানী ও স্ত্রী সন্তানদের হাতে অপর একজন নিহত হয়েছেন। সদর উপজেলার রামচন্দ্রপুর চরপাড়ায় শুক্রবার বিকেলে নাতির লাঠির আঘাতে নানী নিহত হয়েছেন। নিহত মালেকা বেগম রামচন্দ্রপুর চরপাড়া মহল্লার দুলু মন্ডলের স্ত্রী।

এ ঘটনায় পুলিশ নাতি রাকিব হোসেন (২২) কে আটক করেছে। তিনি কুষ্টিয়ার মানিক মিয়ার ছেলে ও পেশায় স্বর্ণ ব্যবসায়ী। তিনি নানার বাড়িতেই থাকতেন। পাবনা সদর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে খাবার দিতে দেরী হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে রাকিব লাঠি দিয়ে তার নানী মালেকা বেগমের মাথায় আঘাত করে। এতে মালেকা বেগম লুটিয়ে পড়েন। তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে সদরের গয়েশপুর ইউনিয়নের সালাইপুর কাচারীপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানরা শ্বাসরোধ করে মুকুল মালিথাকে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে মুকুলের মরদেহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

পুলিশ এ ঘটনায় স্ত্রী নাসিমা বেগম (৪৬) ছেলে মোঃ মেহেদি হাসান (১৬) ও মেয়ে নিশি খাতুনকে (২৫) আটক করেছে। নিহতের ভাই বাবলু মালিথা জানান, তার ভাইয়ের পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিলো। এরই জের ধরে স্ত্রী ও সন্তানেরা তাকে হত্যা করে। যদিও নিহতের স্ত্রী নাসিমা বেগম দাবি করেছেন শুক্রবার ভোরে তার স্বামী আড়ার সাথে ফাঁসিতে ঝুলতে দেখে তাকে নামানো হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিম আহমেদ জানান পারিবারিক কলহের জেরে মুকুল মালিথাকে হত্যার সন্দেহে স্ত্রী ও ২ সন্তানকে আটক করা হয়েছে।


ইত্তেফাক/আরকেজি