ডাক্তার, নার্স, ও স্বাস্থ্য কর্মীদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করে টেলিমেডিসিন এবং মেডিকেল ক্যাম্প স্থাপনের মধ্যে সাধারণ রোগীদের স্বাস্থ্য সেবা দিতে উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসাপাতাল। বিভিন্ন স্থানে লকডাউন এবং যানবাহন সঙ্কটের কারণে প্রত্যন্ত অঞ্চলে আটকে পড়া রোগীদের স্বাস্থ্য সেবা দিতে এই উদ্যোগ।
গতকাল শুক্রবার (১ মে) কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান কুমুদিনী হাসপাতালের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিকেলে কুমুদিনী কমপ্লেক্সের কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি মিলনায়তনে বিস্তারিত তথ্য তুলে ধরেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিম। সংবাদ সম্মেলনে প্রেস ক্লাব, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভূঞাপুরে যমুনায় পানির সঙ্গে বাড়ছে ভাঙন
সংবাদ সম্মেলনে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণের ফলে সাধারণ রোগীরা হাসপাতালে আসতে ভয় পাচ্ছেন। এমতাবস্থায় কুমুদিনী হাসপাতালের পক্ষ থেকে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষে মির্জাপুর পৌরসভাসহ মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর ও বাঁশতৈল এই ১৪ ইউনিয়নে কমিউিনিটি স্বাস্থ্য সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ শেষ না হওয়া পর্যন্ত কুমুদিনী হাসপাতালের পক্ষ থেকে ৬ সদস্য বিশিষ্ট দুইটি মেডিকেল টিম নিয়মিত বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।
এ সময় কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক ডা. এবিএম আলী হাসান, এজিএম (অপারেশন) অনিমেশ কুমার ভৌমিক লিটন ও কুমুদিনী নার্সিং স্কুল এন্ড বিএসসি নার্সিং কলেজের মেট্রন সিস্টার দীপালী পেরেরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসি
