সাকিবকন্যার নাম ইরাম হাসান

আপডেট : ০২ মে ২০২০, ২১:১৪

স্পোর্টস রিপোর্টার

গত সপ্তাহেই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। নিউ ইয়র্কে গত ২৪ এপ্রিল জন্ম হয় সাকিবের দ্বিতীয়কন্যার। এবার ঘরের নতুন অতিথির নামও জানালেন এই বাঁহাতি অলরাউন্ডার।

আলাইনার ছোটো বোনের নাম রাখা হয়েছে ইরাম হাসান। ইরাম নামের অর্থ জান্নাত। দ্বিতীয় কন্যার নাম রাখা প্রসঙ্গে ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘গত ২৪ এপ্রিল, রোজার প্রথম দিন শুক্রবারে আমাদের আরো একটি কন্যাসন্তানের জন্ম হয়, আল্লাহ তাআলার আরো একটি উপহার। আমরা তার নাম রেখেছি ইরাম হাসান, যার অর্থ জান্নাত। সে যেন সত্যিকার অর্থেই বেহেশতের এক টুকরা।’

২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন উম্মে আহমেদ শিশির ও সাকিব। ২০১৫ সালে তাদের প্রথম সন্তান আলাইনার জন্ম হয়।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই গত মার্চে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। করোনা ভাইরাসের কারণে নিউ ইয়র্কে গিয়েই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়া এই বাঁহাতি ক্রিকেটারকে।