বছর জুড়ে আলোচিত ছিল একাদশ জাতীয় সংসদ নিবাচন। এ বছরই দলীয় সরকারের অধীনে সবচেয়ে বেশি দল এবং প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে। একইভাবে বেড়েছে সরাসরি অংশ নেওয়া নারীর সংখ্যাও। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮ জন নারী ৬৯টি আসনে সরাসরি নির্বাচন করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনাসহ ২০ জন সরাসরি নৌকা প্রতীকে নিয়ে ভোট করেছেন। তারপরই বিএনপির ১৪ জন এবং জাতীয় পার্টির লাঙল নিয়ে ৫ জন নারীর প্রার্থীর অংশ্রগ্রহণ করেছেন। বাকি ৩৪ জন নারী বড় দুই জোটের শরিক ও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। নারীদের অংশগ্রহণ বৃদ্ধি নারী সমাজের জন্য নিঃসন্দেহে আশার কথা। তবে নারী প্রার্থী সংখ্যা আশানুরূপ নয় বলে মনে করেন সংশ্লিষ্ট বিজ্ঞজনেরা। স্বতন্ত্র ৯৯ জন ও দলীয় ১৭৪৯ জনকে নিয়ে তিনশ’ আসনে এবছর নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা এক হাজার ৮৪৮ জন। এদের মধ্যে নারীর শতকরা হার ৩ দশমিক ৬৮ শতাংশ। সংসদে সরাসরি নির্বাচনে নারীর অংশগ্রহণ এখনও দুই অংকের কোঠা স্পর্শ করতে পারেনি। গণপ্রতিনিধিত্ব আদেশ মতে ২০২০ সালের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের সকল স্তরের কমিটিতে এক-তৃতীয়াংশ নারী সদস্য রাখার নিদের্শ আছে।
