স্টাফ রিপোর্টার, রাজশাহী
করোনা পজিটিভ জেনেই ঢাকা থেকে এক ব্যক্তি রাজশাহী পালিয়ে এসেছেন। প্রায় ৩৫ বছর বয়সি ঐ ব্যক্তি ঢাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর ধরমপুর গ্রামে। তিনি এখন রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে রয়েছেন। শুক্রবার বিকালে তাকে এ হাসপাতালে রাখা হয়। এর আগে সকালে অসুস্থ অবস্থায় তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তালেব বলেন, আক্রান্ত ঐ যুবকের বাড়িতে আমাদের দুই কর্মীকে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা করোনার বিষয়টি অস্বীকার করছেন। কবে গ্রামে এসেছেন সে বিষয়ে গ্রামবাসীও কিছু জানেন না বলে দাবি করছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ঐ ব্যক্তি হাসপাতালে ভর্তি হওয়ার পর জানিয়েছেন তার করোনা পজিটিভ। তাকে রামেক হাসপাতাল থেকে মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রামেকের ল্যাবে আবারও তার নমুনা পরীক্ষা করা হবে।
