এই করোনায়

আপডেট : ০২ মে ২০২০, ২২:১২

এই সময়ের ছড়া 

সজল দাশ

 

হারিয়েছি আমরা কী কী

জীবন নদীর ঝিকিমিকি।

 

হলে গিয়ে ছবি দেখা

কক্সবাজারে রবি দেখা।

 

জন্মদিন ও বিয়েবাড়ি

অনায়াসে কাটতে পারি।

 

ট্রেন বাস বা রিকশা চড়ে

কেউ যায় না পরের ঘরে।

 

মাঠে গিয়ে খেলা দেখা

কোচিং ক্লাসে পড়া শেখা।

 

কাজে ফাঁকি, অল্প করা

অফিস বসে গল্প করা।

 

কারো বাড়ি দাওয়াত খাওয়া

কিংবা ছুটে পার্কে যাওয়া।

 

ঘুষ কারবার বন্ধ আছে

কারো মনে সন্দ আছে?

 

দেশ-বিদেশে বিমান চড়া

বাচ্চাদেরই আদর করা।

 

রাজনৈতিক কর্মসূচি

মুরুব্বিদের কদমবুচি।

 

ওয়াজ মাহফিল, ধর্মসভা

ঠাকুর ঘরে রক্ত জবা।

 

বিদ্যালয়ে পড়াশোনা

অস্থিরতায় ছোট্ট সোনা।

গাঁও-গেরামে বোশেখ মেলা

সিএনজি, ভ্যান কিংবা ঠেলা।

 

কারো সাথে হয় না দেখা

মাঝখানে এক সীমারেখা।

 

চলছে জীবন থেমে থেমে

তাও একাকার নেয়ে-ঘেমে।

 

হারাইনি তো চন্দ্র, সূর্য

জোয়ার ভাটা, পাখির ডাক

বৈশাখী ঝড়, মেঘ, রোদ্দুর

সন্ধ্যাবেলার শেয়াল হাঁক।