ধানমন্ডিতে হোস্টেলে আটকা ছাত্রী
বিশেষ প্রতিনিধি
করোনা পরিস্থিতি বেসামাল হওয়ায় লকডাউন করা হয় রাজধানীর বেশির ভাগ এলাকা। এমন পরিস্থিতিতে ধানমন্ডির একটি ছাত্রী হোস্টেলে এক ছাত্রী আটকা পড়েন। বাড়ির মালিক হোস্টেলটিতে বিদ্যুত্ ও পানির সরবরাহ বন্ধ করে দিয়ে লাপাত্তা। ধানমন্ডির শঙ্কর বাসস্ট্যান্ড সংলগ্ন নিবেদিকা ছাত্রী হোস্টেলে থাকা ঐ ছাত্রী জানান, হোস্টেল কর্তৃপক্ষের কাছে বাড়িভাড়া বকেয়া থাকায় হোস্টেলের ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দেন বাড়িওয়ালা। প্রতিবাদ করায় ঐ ছাত্রীকে হোস্টেল ছেড়ে ট্রাকে করে বাড়িতে যেতে বলেন বাড়িওয়ালা।
গতকাল শনিবার বিকালে তিতুমীর কলেজের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ঐ ছাত্রী গণমাধ্যমকে বলেন, গত ফেব্রুয়ারিতে নিবেদিকা হোস্টেলে উঠেছি। হঠাত্ লকডাউনের কারণে বাড়ি যাওয়া হয়নি, থাকতে হচ্ছে হোস্টেলেই। নিজেই রান্না করে খাচ্ছি। হোস্টেল কর্তৃপক্ষের কেউই নেই। পাঁচতলা ভবনের প্রথম দুটি ফ্লোরে হোস্টেল। তৃতীয় তলায় বাড়ির মালিক থাকেন।
ভবন মালিকের অভিযোগ, হোস্টেলের ভাড়া বকেয়া রেখেছে কর্তৃপক্ষ। কিন্তু পুরো হোস্টেলের ভাড়া আমার কাছে চাইছেন ভবন মালিক। না দেওয়ায় হোস্টেলের ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দেন। বিষয়টি ধানমন্ডি থানায় জানানো হলে গতকাল থানার একদল পুলিশ এসে তালা ভেঙে বিদ্যুতের লাইন দিয়ে গেছে। কিন্তু এখনো পানি পাইনি বলেন ঐ ছাত্রী। এ বিষয়ে নিবেদিকা হোস্টেলের ম্যানেজার নাজনীন ও ভবন মালিককে একাধিকবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও কেউ রিসিভ করেননি।
