ঢাকা ছেড়েছেন আরো ২১৫ ব্রিটিশ নাগরিক

আপডেট : ০২ মে ২০২০, ২২:২৯

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে বাংলাদেশে ভ্রমণে এসে আটকা পড়া যুক্তরাজ্যের আরো ২১৫ জন নাগরিক বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। এদের সঙ্গে ৯ জন শিশু রয়েছে। এ নিয়ে যুক্তরাজ্যের নাগরিকদের ছয়টি বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়েছে। গত শুক্রবার ঢাকার যুক্তরাজ্যের দূতাবাসের এক কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন। দূতাবাসের এই কর্মকর্তা জানান, এর আগে যুক্তরাজ্যের এসব নাগরিকদের সিলেট থেকে বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরিয়ে আনা হয়। যুক্তরাজ্য তাদের নাগরিকদের দেশে ফেরাতে শুক্রবারের পর আরো তিনটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। ফ্লাইটগুলো যথাক্রমে ৩, ৫ এবং ৭ মে ঢাকা ছেড়ে যাবে।