আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, করোনা ভাইরাসের এই সংকটকালে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সাহসী বাঙালি জাতি ভয়কে জয় করে আবারও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইনশাল্লাহ। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ দ্রুত করোনামুক্ত হোক মহান আল্লাহর কাছে এমন প্রার্থনা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকারের আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না। করোনায় বিশ্বের প্রায় সব দেশেই কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে এবং দেশে দেশে এখন জরুরি অবস্থা চলছে। এর মধ্যেও শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছে।’
গতকাল শহরের মালশাপাড়া চান্দালীর মোড় এবং মুজিব সড়কের মুক্তা প্লাজায় অসহায় মানুষের মধ্যে চাল-ডাল ও তেলসহ খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। করোনা ভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, মানুষ করোনা ভাইরাস সংক্রমণে গৃহবন্দি জীবনযাপন করছে। দেশে একটি সংকটকাল অতিবাহিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে—বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এবং আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। সিরাজগঞ্জেও অধ্যাপক হাবিবে মিল্রাত মুন্না এমপি, মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স, যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, পৌর কউিন্সিলর সেলিম আহমেদসহ দলের নেতাকর্মীরা দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন জেনে খুশি হয়েছি।
তিনি বলেন, সরকারি সহায়তার পাশাপাশি তিনি তার ব্যক্তিগত অর্থায়ন থেকে খাদ্যসামগ্রী বিতরণসহ আর্তমানবতার সেবায় বিনামূল্যে চিকিত্সা এবং ওষুধপত্র বিতরণ করেছেন। খাদ্য সহায়তা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাজি ইসহাক আলী, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম, পৌর কাউন্সিলর সেলিম আহমেদ, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইবনে আহমেদ প্রমুখ।
