করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৬ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। এ নিয়ে ছয় দফায় ছুটি বাড়ছে।
গতকাল শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটির প্রস্তাব পাঠানো হয়েছে। ১৫ মে পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। তবে পরদিন শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে রবিবার বা পরদিন সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
গতকাল শনিবার দুপুরে ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এবারের ছুটিতেও নির্দেশনাগুলো আগের মতোই থাকবে, তবে নতুন করে দু-একটি নির্দেশনা আসতে পারে। সেগুলো যখন প্রজ্ঞাপন হবে তখনই জানা যাবে। উল্লেখ্য, দেশব্যাপী সাধারণ ছুটি থাকলেও মাঠ প্রশাসনের প্রয়োজনীয় সব দপ্তরগুলো খোলা আছে। সচিবালয়ে বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগসহ দেশের নিত্য প্রয়োজনীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত দপ্তরগুলো খোলা থেকে কাজ করে যাচ্ছে।
