তারা পকেট ভারি করছে আর গরীব মানুষ না খেয়ে থাকছে :রিজভী

আপডেট : ০৩ মে ২০২০, ০০:৫০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ যখন মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে তখন আওয়ামী লীগের এক শ্রেণির লোকের ভাগ্য খুলে গেছে। জনগণের টাকায় কেনা ত্রাণ আত্মসাত্ করে নিজেদের পকেট ভারি করছে তারা। অন্যদিকে, গরীব মানুষ না খেয়ে থাকছে। এভাবে দেশ চলতে পারে না। গণতন্ত্র ও জবাবদিহিতা নেই বলেই সরকার এসব অনিয়ম সহ্য করে যাচ্ছে।

গতকাল শনিবার রাজধানীর উত্তরখান থানায় ত্রাণ বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়। সরকারের সমালোচনা করে রিজভী আরো বলেন, করোনা মহামারিতে সরকারের যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল তা তারা করেনি। অথচ প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারের লকডাউন আগে করা উচিত ছিল এবং বাড়িতে বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া দরকার ছিল। তিনি আরো বলেন, আগাম প্রস্তুতির কারণে ভিয়েতনাম, ভুটানসহ অন্যান্য দেশে করোনা আক্রমণ সেভাবে ঘটাতে পারেনি। আমাদেরও হাতে যথেষ্ট সময় ছিল।

তিনি বলেন, খুলনা ও নেত্রকোনাসহ বহু জায়গায় টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি হচ্ছে। ক্ষমতাসীন দলের লোকেরা টিসিবির কাছ থেকে জোর করে নিয়ে তারা কালোবাজারে বিক্রি করছে। আওয়ামী লীগ নেতার বাড়িতে ঘরের মধ্যে, খড়ের পালার মধ্যে চাল, খাটের মধ্যে তেল পাওয়া যাচ্ছে। এগুলো খুব খারাপ দিনের আলামত হিসেবে তিনি উল্লেখ করেন।