ইংল্যান্ডের ইটন কলেজে বাংলাদেশি মেহরাজ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:০০

১৫ বছর বয়সী বাংলাদেশি কিশোর মেহরাজ আহমেদ ৭৬,০০০ ইউরো বৃত্তিতে ইংল্যান্ডের ইটন কলেজে পড়ার সুযোগ পেয়েছে। মেহরাজ ইটন কলেজে ইতিহাস, রসায়ন, জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান বিষয়ে পড়বে। তিন দিনের মূল্যায়ন প্রক্রিয়ায়, তিনটি প্রবেশিকা পরীক্ষা, সাতটি সাক্ষাত্কার ও একটি গণবিতর্কে অংশগ্রহণের পর মেহরাজ এই সুযোগ অর্জন করে। মেহরাজ তার বাবা-মা ও ছোট ভাইবোনদের সঙ্গে বার্কিংসাইড, পূর্ব লন্ডনের একটি কাউন্সিল ফ্ল্যাটে থাকেন। মেহরাজ বলেন, ‘তথাকথিত ইটন পড়ুয়াদের সঙ্গে মানুষ হয়তো আমার তেমন মিল খুঁজে নাও পেতে পারে, কিন্তু আমার তাদেরকে মোটেও হামবড়া মনে হয়নি। ইটনের শিক্ষার্থীরা জীবনে ভালো করতে চায় এবং আমিও এটাই চাই। একমাত্র পার্থক্য হলো আমার অনুপ্রেরণা আরও শক্তিশালী।’ মেহরাজ আরও বলেন, ‘আমার পরিবার এবং আমি দুর্বিষহ এক জীবন কাটিয়েছি। ইটনে পড়ার সুযোগ আমাকে এই জীবন সুন্দর করতে সাহায্য করবে।’ মেহরাজের পাঁচ বছর বয়সে তার পরিবার রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়। তার মা রাণী বলেন, ‘আমরা আমাদের ছেলেকে নিয়ে অত্যন্ত গর্বিত। একদম ছোটবেলা থেকে সবসময়ই মেহরাজ বুদ্ধিমান একটি ছেলে।’