জামায়াতের সাবেক নেতাদের নতুন দল ‘এবি পার্টি’

আপডেট : ০৩ মে ২০২০, ০০:৫১

জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা ও বহিষ্কৃতদের সমন্বয়ে রাজনৈতিক দল ‘আমার বাংলাদেশ পার্টি’ বা এবি পার্টির আত্মপ্রকাশ ঘটেছে। এক বছর আগে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে যে উদ্যোগ নিয়েছিল সেই সংগঠনটি ’এবি পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। গতকাল শনিবার রাজধানীর বিজয়নগর এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘আমার বাংলাদেশ পার্টি’ বা এবি পার্টির নাম ঘোষণা করা হয়। জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী আহ্বায়ক এবং জামায়াত থেকে বহিষ্কৃত ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুকে সদস্যসচিব করে ২২২ সদস্যের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার-এই তিন মূলনীতির ভিত্তিতে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ পুনর্গঠনে নতুন রাজনৈতিক দল ‘আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আত্মপ্রকাশ। মজিবুর রহমান মঞ্জু বলেন, যে রাজনীতি জাতিকে স্বপ্ন দেখাবে, আশা দেখাবে, উদ্বুদ্ধ করবে নতুন চেতনায় সেই রাজনীতি দরকার। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ সেই লক্ষ্যেই ঘোষণা করছে সম্পূর্ণ নতুন ধারার এই রাজনৈতিক দল। আমাদের লক্ষ্য কেবল গাল-সর্বস্ব শ্লোগান নয়। রাষ্ট্রের পুনর্গঠন আমাদের অন্যতম এজেন্ডা।

প্রসঙ্গত, গত বছরের ২৭ এপ্রিল জন আকাঙ্ক্ষার বাংলাদেশ—শ্লোগানে নতুন রাজনৈতিক মঞ্চের ঘোষণা দিয়েছিলেন জামায়াতে ইসলামীর সংস্কারপন্থিরা। ঐদিন ‘স্বাধীন সত্তার বিকাশে অধিকার ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি’ শিরোনামে ছয় পৃষ্ঠার ঘোষণাপত্র পাঠ করেন মঞ্চের সমন্বয়ক জামায়াতে ইসলামীর নেতা মজিবুর রহমান মঞ্জু। ঘোষণাপত্রে বলা হয়, জাতীয় মুক্তি ও জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উজ্জীবিত একদল আশাবাদী মানুষের উদ্যোগ এটি। এর মাধ্যমে নিজেদের ভাবনা ও ভবিষ্যত্ রাজনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরা হবে। এটি জামায়াতের বিকল্প কোনো দল কি না, জানতে চাইলে তিনি বলেন, না, এটি একেবারেই স্বতন্ত্র একটি দল হিসেবে আত্মপ্রকাশ করবে। আমরা সব দলের লোকদেরই এখানে আমন্ত্রণ জানাব।