ভারত থেকে দুই দিনে দেশে ফিরেছেন ৩৯১ জন

আপডেট : ০৩ মে ২০২০, ০০:৫২

ভারতে আটকে পড়াদের মধ্যে গতকাল শনিবার ও তার আগের দিন শুক্রবার ৩৯১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে শুক্রবার ৭৩ জন এবং শনিবার দুটি ফ্লাইটে ৩১৮ জন আসেন। আর আগামী তিন দিনে মুম্বাই, কলকাতা ও দিল্লি থেকে বাংলাদেশ বিমানযোগে আরো প্রায় ৪০০ বাংলাদেশি দেশে ফিরবেন বলে জানিয়েছে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন সূত্র জানায়, ভারতে আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনার দ্বিতীয় পর্যায়ের এই উদ্যোগে গতকাল দিল্লি হয়ে বাংলাদেশ বিমানযোগে ১৫১ জন এবং চেন্নাই হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সযোগে ১৬৭ জন যাত্রী দেশে ফিরেছেন। দিল্লি থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে ভারতে চিকিত্সার জন্য আসা উল্লেখযোগ্যসংখ্যক রোগী রয়েছেন। এ ছাড়া দিল্লি ও পাঞ্জাবের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও এই ফ্লাইটে দেশে এসেছেন। দিল্লি ছাড়ার আগে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তাদের একটি দল যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

বাংলাদেশ মিশন জানায়, ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর জন্য ভারত সরকারের সবপর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ হাইকমিশন। যারা এখনো দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তাদের আকাশ ও স্থলপথে ফেরানোর বিষয়টি প্রক্রিয়াধীন। হাইকমিশন আরো জানিয়েছে, করোনা ভাইরাসের বিস্তার রোধে উভয় দেশের শীর্ষ নেতৃত্বের দিক নির্দেশনায় দুই দেশ একসঙ্গে কাজ করছে।