রাশিয়ায় দুই মন্ত্রী ও পাকিস্তানে স্পিকার করোনায় আক্রান্ত

আপডেট : ০৩ মে ২০২০, ০০:৫৫

মহামারি নোভেল করোনা ভাইরাস থেকে রক্ষা পাচ্ছে না কেউ। প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী সবাই এই ভাইরাসের কবলে পড়েছেন। রাশিয়ায় প্রধানমন্ত্রীর পর এবার দুই মন্ত্রী এবং পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন— আন্তর্জাতিক মিডিয়া সূত্র জানা গেছে।

করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়ে উঠছে নিউ ইয়র্কে। সেখানে এক বৃদ্ধাশ্রমেরই ৯৮ জনের প্রাণ গেছে। ভাইরাসের বিস্তার রোধে লকডাউন আরো দুই সপ্তাহ বাড়িয়েছে ভারত সরকার। আর মালয়েশিয়ায় অভিবাসীদের আটক করে ভাইরাসের প্রসার রোধের চেষ্টা চলছে। এরই মধ্যে সিঙ্গাপুরে নিষেধাজ্ঞার শিথিলের ঘোষণা এসেছে। করোনায় আক্রান্তের পাশাপাশি সুস্থ হওয়া মানুষের সংখ্যাও বাড়ছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যে জানা যায়, গতকাল পর্যন্ত বিশ্বে ১১ লাখ ২ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। আর গতকাল রাত সাড়ে ১২ টা পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৫৬ হাজার ২২৩ জন। প্রাণহানি হয়েছে ২ লাখ ৪৩ হাজার ২৪ জনের।

দুই রুশ মন্ত্রী ও পাকিস্তানের স্পিকার আক্রান্ত

রাশিয়ার প্রধানমন্ত্রীর পর এবার দেশটির আরো দুই মন্ত্রী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। নির্মাণ ও আবাসন মন্ত্রী ভ্লাদিমির ইউকেশেভ এবং একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী দিমিত্রি ভলকভ আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দেশটির মিডিয়ায় জানানো হয়েছে, তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। ইউকেশেভের স্থলে নতুন মন্ত্রী হিসেবে নিকিতা স্টানশিনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী মিখাইল মিসুস্তিনের স্থলেও অ্যান্ডিউ বেলোউসভকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সুস্থ হয়ে ওঠার পর মিখাইল মিসুস্তিনের ভাগ্যে কী ঘটবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। রাশিয়ায় ১ লাখ ২৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত এবং প্রাণহানি হয়েছে সাড়ে ৯ হাজারের বেশি মানুষের। এক দিনেই আক্রান্ত বেড়েছে ৯ হাজার ৬২৩ জন। চীন সীমান্তের দেশ রাশিয়ার রাজধানী মস্কোর দুই শতাংশ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

পাকিস্তানে পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ফয়সাল এধি বৃহস্পতিবার রাতে জানান, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে    তিনি প্রধানমন্ত্রী ইমরান খান এবং অন্যদের সঙ্গে ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী আক্রান্ত হয়েছেন কী-না সেই বিষয়ে তিনি পরীক্ষা করাননি। তবে ইমরান খান এপ্রিলেই পরীক্ষা করিয়েছিলেন যাতে নেগেটিভ ধরা পড়ে। পাকিস্তানে গতকাল পর্যন্ত ১৮ হাজার ৭৭০ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ৪৩২ জনের।

নিউ ইয়র্কে এক বৃদ্ধাশ্রমেই ৯৮ জনের মৃত্যু

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের এক বৃদ্ধাশ্রমেই ৯৮ জনের প্রাণ গেছে। ম্যানহাটনের ইসাবেলা জেরিয়াট্রিক সেন্টারে এত মানুষের প্রাণহানি হয়। স্থানীয় সময় শুক্রবার ৭০৫ শয্যার বৃদ্ধাশ্রমের কর্মকর্তারা জানান, কোভিড-১৯ শনাক্তের পর ৪৬ বাসিন্দার এবং সন্দেহভাজন হিসেবে আরো ৫২ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে ১১ লাখ ৩৪ হাজার মানুষ সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৮৮৮ জনের। এর মধ্যে কেবল নিউ ইয়র্কেই আক্রান্ত ৩ লাখ ১৫ হাজার ২২২ জন এবং মারা গেছে ২৪ হাজার ৬৯ জন। প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন, করোনায় মৃতের সংখ্যা ১ লাখের নিচেই থাকবে। এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডা. অ্যান্থনি ফসি কংগ্রেসে করোনা ভাইরাসের বিষয়ে সাক্ষ্য দেবেন না।

লকডাউন ভারতে বেড়েছে, সিঙ্গাপুরে শিথিল

ভারতে সরকার লকডাউন আরো দুই সপ্তাহ বাড়িয়েছে। আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন থাকবে। নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় গতকাল ভারত নতুন রেকর্ড গড়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে ২ হাজার ৪৪১ জন। আর মৃত্যু হয়েছে ৭১ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৩৭ হাজার ৭৭৬ জন এবং প্রাণ গেছে ১ হাজার ২২৩ জনের।

সিঙ্গাপুরে আগামী ১২ মে থেকে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী গ্যান কিম ইয়ং জানিয়েছেন, দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা কমেছে। তাই কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। আগামী ১৯ মে থেকে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেওয়া হচ্ছে। যদিও দেশটিতে ৪৪৭ জন নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেছে। এদিকে মালয়েশিয়ায় ভাইরাস ঠেকাতে অভিবাসীদের আটক করছে সরকার। রাজধানী কুয়ালালামপুরে কয়েক শ অবৈধ অভিবাসী ও শরণার্থীকে আটক করা হয়। শুক্রবার ৫৮৬ জনকে আটক করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। তবে জাতিসংঘ সতর্ক করেছে, এর ফলে অনেকে আক্রান্ত হলেও ভয়ে চিকিত্সাসেবা থেকে বঞ্চিত থাকতে পারেন। দেশটিতে আক্রান্ত ৬ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ১০৩ জনের।

আফ্রিকার সিডিসি জানিয়েছে, মহাদেশে এক দিনে আক্রান্ত বেড়েছে ৪০ হাজার এবং মারা গেছে প্রায় ১ হাজার ৭শ’ জন। -বিবিসি, রয়টার্স ও আলজাজিরা