শীত মানেই উত্সব! সকাল হতেই মায়ের হাতের পিঠা পুলি। সারাদিন উত্সবের আমেজ আর রাত নামতেই বন্ধুদের নিয়ে গরম কফির মগে ঝড় তুলে আড্ডা অথবা কোনো গানের জলসায় গলা ছেড়ে গান করা।
কিন্তু পথশিশুদের কাছে শীত মানেই বিভীষিকা। হাড়কাঁপানো শীতে সকাল হতেই উদম গায়ে খাবারের সন্ধানে যাওয়া। পিঠাপুলি বলতে মানুষে কাছে চেয়েচিন্তে ভিক্ষা হিসেবে যা পাওয়া যায় সেটুকুই। আর শীতের রাত মানেই আরেক দুঃস্বপ্ন।
সুবিধাবঞ্চিত শিশুদের এই দুঃস্বপ্ন দূর করতে প্রতিবছরের মতো এবারের শীতেও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্ভাবনা’র আয়োজনে অনুষ্ঠিত হলো পুষ্পকলির ‘শীত উত্সব ২০১৮’। এ উত্সবে অংশগ্রহণ করে সম্ভাবনা পরিচালিত সুবিধাবঞ্চিতদের স্কুল পুষ্পকলির শিক্ষার্থীরা। উত্সবে শিশুদের দিনের বেলার শীত নিবারণের জন্য দেওয়া হয় ভারী জ্যাকেট এবং রাতের বেলার জন্য কম্বল।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে গত ১৬ ডিসেম্বর বিকাল ৩টায় শুরু হয় এ উত্সব। উত্সবের প্রথম দিনে মিরপুর স্টেডিয়াম ও কালশী পুষ্পকলি স্কুলের ১৫০ শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দ্বিতীয় দিন ধানমন্ডি রবীন্দ্র সরোবর পুষ্পকলি স্কুলের ৫০ শিক্ষার্থীর মাঝে পোশাক বিতরণ করা হয়। উত্সবে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে এসেছিলেন সম্ভাবনার স্বেচ্ছাসেবীদের অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা। উত্সবে শিশুদের মাঝে পোশাক ও কম্বল বিতরণ শেষে বিজয় দিবস উপলক্ষে পুষ্পকলি স্কুলের শিশু ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উত্সব সম্পর্কে সম্ভাবনার সভাপতি রবিউল ইসলাম রবিন বলেন, ‘এ বছর আমরা শীত উত্সবকে সাজিয়েছি দুটি ধাপে প্রথম অংশে পুষ্পকলি স্কুলের ২০০ শিশুর মাঝে ভারী জ্যাকেট ও কম্বল বিতরণ করেছি। পরের ধাপে ঢাকা শাহরের বিভিন্ন এলাকার ১০০ শিশুসহ আরও ২০০ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহে।’ উল্লেখ্য, ‘বঞ্চিত শিশুও আগামীর সম্ভাবনা’ স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সম্ভাবনার পথ চলা শুরু হয় ২০১১ সালে। ২০১১ সাল থেকে সম্ভাবনা, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পুষ্পকলি স্কুল নামে একটি অবৈতনিক স্কুল পরিচালনা করে আসছে। বর্তমানে পুষ্পকলি স্কুলের তিনটি শাখা রয়েছে মিরপুর স্টেডিয়াম, রবীন্দ্র সরোবর ও মিরপুর কালশী বস্তি শাখা। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস উদযাপনসহ শীতবস্ত্র বিতরণ, বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিত্সা সেবা প্রদান, বিভিন্ন উত্সবে শিশুদের মাঝে পোশাক বিতরণের মতো সেবামূলক কাজ পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার বিজয় দিবসে শীতকে জয় করতে সম্ভাবনা আয়োজন করে পুষ্পকলি শীত উত্সব-২০১৮।
