হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

আপডেট : ০৩ মে ২০২০, ১২:২২

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় (বেলাল উদ্দিন) ও আয়া (মুন্নী বেগম) করোনা আক্রান্ত। শনিবার রাত ১১টায় তাদের নমুনা রিপোর্ট পজেটিভ আসার পর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন। এই প্রথম হাতিয়ায় দুইজন করোনা রোগী শনাক্ত হল।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম জানান, হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের (ওছখালী পরিষদ এলাকা) আয়ার বাড়িটি লকডাউন করা হয়েছে। অপরদিকে ওয়ার্ড বয়কে মাইজদী স্টেডিয়ামের করোনা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজিম উদ্দিন জানান, গত ২৫ এপ্রিল এই দুইজনের নমুনা সংগ্রহ করা হয় এবং ২৯ এপ্রিল ওয়ার্ড বয়কে মাইজদী করোনা হাসপাতালে ডিউটি করার জন্য পাঠানো হয়। ওয়ার্ড বয়ের বাড়ি কবির হাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে।

আয়ার বাবা সোনালী ব্যাংক পরিষদ শাখার কর্মচারী হওয়ায় ব্যাংকে কর্মরত কর্মচারীরা ও আতঙ্কে রয়েছে। এছাড়া হাসপাতলের দুইটি ওয়ার্ডকেও লকডাউন করা হয়েছে। এ নিয়ে দ্বীপবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ইত্তেফাক/আরকেজি