নাগেশ্বরীতে ঢাকার নারায়ণগঞ্জ ফেরত আরো একজন করোনায় আক্রান্ত হয়েছেন। ৩০ বছর বয়সী ওই যুবকের বাড়ি নেওয়াশীর এগারমাথা হাতিরভিটা গ্রামে।
এর আগে পৌরসভার পশ্চিম কুটিবাঘডাঙ্গা গ্রামের নারায়ণগঞ্জ ফেরত ২৫ বছরের এক যুবক করোনায় আক্রান্ত হন। এনিয়ে উপজেলায় কোভিট-১৯ আক্রান্তের সংখ্যা ২ জনে দাঁড়াল। শনিবার সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
এলাকাবাসী জানায়, আক্রান্ত ওই যুবক ঢাকার নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত ২৫ এপ্রিল বাড়িতে ফেরেন। ২৭ এপ্রিল তিনি পৌরসভার বল্লভপুরে তার এক স্বজনের বাড়িতে যান। ২৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগ সেখান থেকে তাদের স্বামী-স্ত্রীর নমুনা সংগ্রহ করে। ২ মে ফলাফল আসে। এতে তিনি করোনা পজেটিভ শনাক্ত হন। স্ত্রীর নমুনায় ফলাফল নেগেটিভ আসে। এরপর তিনি পালিয়ে যান সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা মোক্তারকুটি গ্রামে তার শ্বশুর বাড়িতে। শনিবার রাতেই উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন সেখানেই তাকে খুঁজে পায়। পরে তার নিজ বাড়ি, ভায়রা ভাইয়ের বাড়ি ও শ্বশুর বাড়ি লকডাউন করা হয়।
রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক জানান, আক্রান্ত ব্যাক্তির তেমন কোন শারীরিক সমস্যা না থাকায় তার শ্বশুর বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম জানান, আক্রান্ত ব্যাক্তি ও তার ২ আত্মীয়ের বাড়ি লকডাউন করা হয়েছে।
উল্লেখ্য, এ পর্যন্ত উপজেলার ৫৫ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে ফলাফল ৩৭টির ফলাফল এসেছে। তন্মধ্যে ২জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
ইত্তেফাক/এমআরএম
