আন্তর্জাতিক নানা অঙ্গনে এদেশের তরুণদের একের পর এক সাফল্যের ধারাবাহিকতায় এবার গণিতেও সাফল্য এলো। ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) প্রথমবারের মতো স্বর্ণপদক লাভ করেছে বাংলাদেশ। বাংলাদেশ দলের সদস্য চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরী এ কৃতিত্ব অর্জন করেন। জাওয়াদ মোট ৪২ নম্বরের পরীক্ষায় ৩২ নম্বর পেয়ে স্বর্ণপদক জয় করেছেন। গত ১২ জুলাই গণিত অলিম্পিয়াডের পরীক্ষা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ৩ জুলাই রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে শুরু হয়েছে আইএমওর এবারের আসর।
জাওয়াদের হাত ধরে অর্জিত হলো বাংলাদেশ দলের প্রথম স্বর্ণপদক। এর আগে ৫৮তম আইএমওতেও তিনি রৌপ্য পদক এবং ৫৭তম আইএমওতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ৬ সদস্যের বাংলাদেশ দলের অপর সদস্য তাহনিক নূর সামিন ২৩ পয়েন্ট (নটর ডেম কলেজ), জয়দ্বীপ সাহা ১৯ পয়েন্ট (নটর ডেম কলেজ) এবং তামজিদ মোর্শেদ রুহাব ১৮ (নটর ডেম কলেজ) পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। অপর দুই সদস্য রাহুল সাহা (ঢাকা কলেজ) ও সৌমিত্র দাশ (পুলিশ লাইনস হাইস্কুল, ফরিদপুর) সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছেন। এবার দলীয়ভাবে মোট ১১৪ নম্বর অর্জন করেছে বাংলাদেশ। এ যাবতকালে এটিই বাংলাদেশের সর্বোচ্চ নম্বর। প্রসঙ্গত, এর আগে মোট ১৩টি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে ৬টি রৌপ্য, ১৯টি ব্রোঞ্জ এবং ২৫টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করে বাংলাদেশ।
