রংপুরে গত ২৪ ঘণ্টায় পুলিশ, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রংপুর বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৭ জনে। রবিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু।
অধ্যক্ষ জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে রংপুর বিভাগের আট জেলা থেকে সংগৃহীত ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুর জেলার ১১ জনের নমুনায় করোনা শনাক্তের পজেটিভ ফলাফল এসেছে।
আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী চিকিৎসক (৫৪), সদর উপজেলার এক চিকিৎসক (৪২), রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার এক পুলিশ কর্মকর্তা (৫৪), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স (৪০), বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা (৫৮), নগরীর মেডিকেল পাকার মাথা এলাকার এক যুবক (২৫), শালবন মিস্ত্রিপাড়া এলাকার সাড়ে ৩ বছরের এক শিশু, দক্ষিণ বাবুখাঁ এলাকার এক পুরুষ (৪৭), সেনপাড়ার এক বৃদ্ধ (৬৫), বিনোদপুর হলদিটারী এলাকার এক পুরুষ (৫২) ও পীরগাছা উপজেলার এক যুবক (২৫)।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস নিয়ে দ্বন্দ্বে ৭ বছরের শিশুকে খুন
এদিকে আজকের ১১ জনসহ রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২ জনে। এরমধ্যে চারজন সুস্থ হয়েছেন। বাকিদের বেশির ভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ১৬ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।
ইত্তেফাক/এসি
