কুমিল্লায় মা-মেয়েসহ নতুন করে আক্রান্ত ৮

আপডেট : ০৩ মে ২০২০, ২০:২৩

কুমিল্লার দেবিদ্বারে মা ও মেয়ে এবং লাকসামে একজন স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দেবিদ্বার উপজেলায় পাঁচজন, বরুড়ায় দুইজন ও লাকসামের একজন। এনিয়ে কুমিল্লায় মোট ৯২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন। রবিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আহম্মেদ কবীর জানান, দেবিদ্বার উপজেলা সদরে মা ও মেয়েসহ নতুন করে এ উপজেলায় আরও পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রয়েছেন, দেবিদ্বার সদরে করোনায় মারা যাওয়া (৩০ এপ্রিল) শঙ্কর হোমিও ফার্মেসির মালিক ডা. সুকুমার চন্দ্র দের নাতি, একই বাড়ির মা ও তার স্কুল পড়ুয়া মেয়ে, মাছিমপুর গ্রামের একজন এবং শঙ্কর হোমিও ফার্মেসির এক কর্মচারী। এ নিয়ে দেবিদ্বারে ২০ জন করোনায় আক্রান্ত হলেন। তাদের মধ্যে এক ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে। 

এদিকে জেলার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল আলী জানান, আক্রান্ত স্বাস্থ্যকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তিনি হাসপাতালের পাশেই থাকতেন। তার পরিবারের মধ্যে ২ জনের নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের নমুনা রিপোর্ট সোমবার (৪ মে) দেয়া হবে। 

অন্যদিকে বরুড়া উপজেলায় আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের একজন করোনা আক্রান্ত বরুড়া থানার পুলিশ কমকতার দাদী এবং অপরজন একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নিসাত সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লা সিভিল সার্জন জানান, রবিবার (৩ মে) পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত দুই হাজার ৩৫টি নমুনার মধ্যে এক হাজার ৮৯২টি রিপোর্ট প্রকাশ হয়েছে। এরমধ্যে জেলায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২২ জন আক্রান্ত ব্যক্তি।

ইত্তেফাক/এসি