স্পোর্টস ডেস্ক
উপমহাদেশে বাইরের দলগুলোর জন্য মানিয়ে নেওয়া বরাবরই কঠিন। আর সেখানে সবার চেয়ে এগিয়ে থাকে ভারত। অস্ট্রেলিয়ার জন্যও বড়ো বাঁধার নাম ভারত। তবে, শ্রেষ্ঠত্বের জন্য ভারত জয়ের বিকল্প দেখেন না অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার।
টেস্টেও শ্রেষ্ঠত্ব আর টি-টোয়েন্টিতে উত্থানের পরও মাটিতেই পা রাখছেন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘আমরা জানি র্যাংকিংয়ে অবস্থান পালটে যেতে সময় লাগে না। তবে এক নম্বরে উঠে আসতে পেরে আমরা খুশি। আমরা দল হিসেবে যে জায়গায় আসতে চাই, সেখানে পৌঁছতে গেলে এখনো অনেক কাজ বাকি। তবে আশা করি, গত কয়েক বছরে আমরা ভালোই পারফর্ম করেছি। শুধু মাঠের মধ্যেই নয়, মাঠের বাইরেও।’ অবশ্য দলকে টেস্টের শীর্ষস্থানে ফিরিয়ে এনেই নিজের কাজ শেষ মনে করছেন না ল্যাঙ্গার। তিনি মনে করেন এখনো আসল পরীক্ষা বাকি রয়েছে। কারণ এই অস্ট্রেলিয়া দল নিয়ে তার যে প্রতিঙ্গা সেটা পালন করতে এখনো অনেক সময় প্রয়োজন। ল্যাঙ্গার বলেন, ‘অবশ্যই আমাদের লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো ফল করা। তবে তার পাশাপাশি ভারতকে ওদের দেশে হারাতে হবে। অস্ট্রেলিয়াতেও ওদের হারাতে হবে আমাদের। একটা সেরা দলকে হারালে তবেই নিজেদের সেরা বলা যায়। আমাদের সামনে বেশ কয়েকটা কঠিন দলকে হারানোর চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’
