চট্টগ্রাম অফিস
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি-বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশিন শাহ্ সূফী হযরত সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর নির্দেশ মোতাবেক বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাবে ঘরবন্দি কর্মহীন পরিবারের মধ্যে শুকনো খাবার ও ইফতারসামগ্রী বিতরণ করা হয়। গতকাল রবিবার ফটিকছড়ির ভবন মাঠে আয়োজিত উপজেলার অসহায় ও হতদরিদ্র ১০০ পরিবারের সদস্যদের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফীন। আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তরুণ কুমার আচার্য, আশ্রম শাখার সাধারণ সম্পাদক রুবেল শীল, সূর্যগিরি আশ্রমের সাবেক সভাপতি বরুণ কুমার আচার্য (বলাই), মানিক বড়ুয়া, সোনারাম আচার্য, বিজন শীল, লালু চক্রবর্তী, সুজিত চক্রবর্তী, সাগর দে, অঞ্জন দে, শিপ্রা বসু মল্লিক, মিটু গুপ্ত প্রমুখ।
ত্রাণসামগ্রী বিতরণকালে সায়েদুল আরেফীন বলেন, অসহায় বিপদগ্রস্ত মানুষের কল্যাণে নিবেদিত বাতিঘর হয়ে কাজ করে যাচ্ছে হযরত জিয়াউল হক (ক.) মাইজভাণ্ডারী ট্রাস্ট।
