অনলাইনে ক্লাস পরিচালনার অনুমতি ও প্রণোদনা চায় কোচিং সেন্টারগুলো

আপডেট : ০৪ মে ২০২০, ০০:৪৫

সংসদ টেলিভিশনের পাশাপাশি অনলাইনে ক্লাস পরিচালনার অনুমিত চেয়েছে কোচিং সেন্টারগুলো। কোচিং সেন্টার মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন, বাংলাদেশ গতকাল রবিবার এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদনও করেছে।

সংগঠনের নেতারা বলছেন, এই সংগঠনটিকে অনলাইন লাইভ ক্লাসের অনুমতি দিলে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি প্রশ্নোত্তর পর্বও চলমান রাখা সম্ভব; যা অনেকাংশে ক্লাসরুমে বসে ক্লাস করার মতোই হবে।

সংগঠনের সভাপতি মো. ইমাদুল হক আবেদনে উল্লেখ করেন, ভয়াল করোনার কারণে শিক্ষাব্যবস্থাও আজ সমস্যার মুখে। সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বন্ধ রয়েছে শিক্ষা দানকারী ছায়াশিক্ষা প্রতিষ্ঠানসমূহ। এমতাবস্থায় শিক্ষাব্যবস্থায় গতি সঞ্চার ও শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতিপূরণে ছায়া শিক্ষা সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সংগঠন অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ হতে পারে বিশেষ সহায়ক শক্তি।

তিনি বলেন, বছরের একটা দীর্ঘ সময় স্কুল, কলেজ বন্ধ থাকে এবং সময় স্বল্পতার কারণে সিলেবাস শেষ করা সম্ভব হয় না। এক্ষেত্রে ভূমিকা রাখছে ঐ ছায়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, যেখানে কর্মরত রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী কয়েক লাখ শিক্ষার্থী। এই করোনা মহামারির কারণে দেশের লক্ষাধিক ছায়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পথে। যেখানে কর্মরত প্রায় অর্ধ কোটি মানুষ। আপনার (প্রধানমন্ত্রীর) সহযোগিতা ছাড়া প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা অসম্ভব হয়ে পড়বে। তাই অন্যান্য ক্ষেত্রের ন্যায় ব্যক্তিমালিকানাধীন এই ছায়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও আপনার সুদৃষ্টি ও আর্থিক সহযোগিতা প্রত্যাশা করে।