বিদায় ২০১৮ স্বাগতম ২০১৯

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:১৮

প্রতিবছরই তারকাদের নিজস্ব একটি খতিয়ান থাকে। নিজেদের ক্যারিয়ারে বছরটি কেমন গেল তা তারকাদের নিজস্ব ভাবনায় যেমন থাকে তেমনি নতুন বছরের পরিকল্পনায় থাকে নতুন কিছু সিদ্ধান্ত। সেই পরিকল্পনায় নতুন বছরের কাজের শিডিউল জানালেন বছরের এই শেষদিনে। গ্রন্থনা করেছেন তারিফ সৈয়দ

২০১৮-এর শেষপ্রান্তে। তাই প্রত্যেক তারকা যেমন নিজের সালতামামি খতিয়ে দেখছেন, পাশাপাশি নতুন বছরে তারকাদের কী ধরনের পরিকল্পনা রয়েছে, সেই বিষয়গুলোই জানতে চাওয়া হয়েছিল তাদের কাছে—

 

শাকিব খান:২০১৮ সব মিলিয়ে ভালোই গেছে। তবে আমি আগেই বলেছি নতুন বছরে দেশীয় চলচ্চিত্রে বেশি সময় দেবো। একইসাথে আমার নিজের হাউজ থেকেও ছবি প্রযোজনা করবো। তাই সব মিলিয়ে একটা দারুণ বছর হিসেবে ২০১৯ সালকে উপহার দিতে চাই দর্শকদের। এছাড়া নতুন বছরে আরো একঝাঁক নতুন মুখের সাথে কাজ করবো।

 

চঞ্চল চৌধুরী:নতুন বছরে চলচ্চিত্রের প্রতি আরেকটু মনোযোগ দিতে চাই। কারণ যেটা খুব স্বাভাবিকভাবে হয়, দেখা যায় একটি সাফল্য এলে এর পরবর্তীতে দর্শকদের চাহিদা আরো বেড়ে যায়। সেক্ষেত্রে একটি ভিন্ন গল্প নিয়ে হাজির হবো নতুন বছরে। যে ধরনের চরিত্রে আমাকে এর আগে দেখা যায়নি।

 

জয়া আহসান:২০১৮ আমার জীবনে নানা কারণেই স্মরণীয় বছর হয়ে থাকবে। সেক্ষেত্রে দেবী’র কথা তো বলতেই হয়। তবে একটি প্রযোজনা দর্শকগ্রহণযোগ্যতা পেলে দায়িত্বের চাপটা বেড়ে যায়। সেই ঝুঁকি নিয়েই নতুন বছরটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। এরই ভেতরে নতুন ছবির নাম ঘোষণা করেছি। এই ছবিতে অনস্ক্রিনে হয়তো আমাকে পাওয়া যাবে না। তবে অবশ্যই পুরোটা জুড়েই আমার ভাবনা বিরাজমান থাকবে। পাশাপাশি দুই বাংলায় কিছু ভালো কাজের সাথে থাকতে চাই।

 

সিয়াম:২০১৮ অনেকগুলো কারণে আমার স্মরণীয় একটি বছর। এ বছরই আমি নিজেকে অন্য এক মানুষ হিসেবে খুঁজে পেয়েছি। চলচ্চিত্রের মতো বড় একটি ক্যানভাসে আমাকে এভাবে সবাই গ্রহণ করবে! এটাই আমার সেরা প্রাপ্তি। তবে এর পাশাপাশি আমি আগেও বলেছি অনেক কিছু সেক্রিফাইস করে চলচ্চিত্রে কাজ করি। টিভি নাটকের অগণিত অফার ফিরিয়ে দিয়েছি। তবে এতে আক্ষেপ নেই। নতুন বছরেও কিছু চ্যালেঞ্জিং কাজ করতে যাচ্ছি। যা দর্শকরা দেখতে পাবেন। আমি নিজেকে সবসময় ভাঙতে চাই। পোড়ামন টু থেকে দহন পর্যন্ত দর্শকরা তা দেখেছেন।  আশা করছি এর ধারাবাহিকতা বজায় থাকবে।

আফরান নিশো:বছরটি ভালো গেছে নিঃসন্দেহে। তবে সবাই প্রত্যাশা করে যে, আমি চলচ্চিত্রে কাজ শুরু করবো। তাদের সেই প্রত্যাশা হয়তো পূরণ করতে পারবো ২০১৯ সালে।