বিনোদন রিপোর্ট
করোনা আক্রান্তের এই সময়ে অনেকেই অনেক রকম কাজ করছেন। তবে লকডাউনের এই সময়ে ছোটপর্দার ৩ তারকাকে এক করলেন প্রযোজন শাহীন কবির। এ সময়ে ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় তিন তারকা হলেন আফরান নিশো, জিয়াউল হক পলাশ ও মেহজাবীন। তিন তারকা প্রথমবারের মতো একটি নতুন ভাবনার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন।
চলচ্চিত্রের নাম ‘ওয়েটিং’। চলচ্চিত্রটি প্রসঙ্গে প্রযোজক শাহীন কবির বলেন, ‘অনেকদিন ধরেই এই তিন তারকাকে এক করার প্ল্যান ছিল। কিন্তু করা হয়ে ওঠেনি। সিলভার স্ক্রিনের ব্যানারে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রকাশের জন্য আমরা প্রস্তুত ছিলাম। সর্বশেষ তাহসান ও মালার একটি গানও দারুণ জনপ্রিয়তা পায়, যা আমাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছিল। কিন্তু হঠাত্ করেই পুরো পৃথিবীর এই সঙ্কটে আমাদের নতুন রিলিজগুলো থমকে যায়। তাই সময়োপযোগী একটি কাজ করার উদ্যোগ নিয়েছি। আশা করছি দর্শকরা দারুণভাবে এটি উপভোগ করবেন।’ শর্টফিল্মটি নির্দেশনা দিয়েছেন কাজল আরেফীন অমি। সহযোগী পরিচালক হিসেবে রয়েছেন জিয়াউল হক পলাশ। পলাশ বলেন, ‘লকডাউনের এই সময়টাতে আমরা বিভিন্ন ধরনের কাজের থিম নিয়ে আলোচনা করছি। তারই ভেতরে আমাদের এই কাজটি অন্যতম।’
শর্টফিল্মটি প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘অমি ভাইয়ের কাজ সম্পর্কে কিছু বলার নেই। দারুণ মেধাবী একজন নির্মাতা। তবে একই ছবিতে আমাদের ৩ জন নিয়ে এই গল্পটা খুবই সময়োপযোগী, যা দর্শকরা দেখলেই বুঝবেন।’ আগামী ৭ মে সিলভার স্ক্রিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি মুক্তি পাবে।
