রংপুরে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) করোনা শনাক্ত হওয়ায় থানা লকডাউন করা হয়েছে। এছাড়াও থানার কার্যক্রম পাশের ভিকটিম সাপোর্ট সেন্টার ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সোমবার (৪ মে) সকালে রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় করোনায় নতুন সনাক্ত ৬৮৮ জন, মৃত্যু ৫
রংপুরের সিভিল সার্জন জানান, রোববার (৩ মে) ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানার ওসিও রয়েছেন। এ কারণে আপাতত ওই থানার সব কার্যক্রম পাশের ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে থানা লকডাউন থাকবে। এছাড়া ওসির সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে।
গেল ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে ৬৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। একদিনে সর্বোচ্চ শনাক্তের এই রেকর্ড নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। এ নিয়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে এ মহামারী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮২ জনে।
ইত্তেফাক/ এমএএম
