চাঁদপুরের হাজীগঞ্জে রেখা বেগম (২৫) নামে এক গৃহবধূ করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। তিনি উপজেলার ৫নং সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের বাবুল গাজীর স্ত্রী। সোমবার দুপুরে হাজীগঞ্জের ভিআইপি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
নিহত রেখার স্বামী বাবুল গাজী জানান, তার স্ত্রী রেখা গত ৫ দিন থেকে অসুস্থ। তার প্রচুর বমি হয়। শরীরে ব্যথা ও মৃদু জ্বর ছিল। অবস্থা বেগতিক দেখে তাকে হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে ডাক্তার মো. শাহনেওয়াজের কাছে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু ডাক্তার সেখানেও তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
তবে রেখার স্বামী বাবুল তাকে কুমিল্লা না নিয়ে হাজীগঞ্জ বাজারে ভিআইপি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে তাকে পুনরায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের করোনা সন্দেহ হয়। পরে তার নমুনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
স্থানীয় চিকিৎসক ডা. মো. শাহ নেওয়াজ বলেন, রোগী আমার কাছে আসলে আমার সন্দেহ হয়। তার প্রেশার অনেক নেমে যাওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পরামর্শ দেই।
রেখার মা মরিয়ম বেগম বলেন, আমার মেয়ের ৫ দিন ধরে অসুস্থ। বমি করেছে, শরীর ব্যথা ও একটু জ্বর ছিল।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল করিম জানান, মৃত রেখার মধ্যে কিছুটা করোনা উপসর্গ থাকায় সন্দেহ হয়। আর সে কারণেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।
ইত্তেফাক/আরএ
