ক্যারিয়ারে জয়া আহসানের অন্যতম বছর ২০১৮। অভিনেত্রী হিসেবেই শুধু সফলতা নয়, প্রযোজক হিসেবে প্রথম ছবি ‘দেবী’ দিয়ে বাজিমাত্ করেছেন তিনি। বছর শেষে এবার নতুন সফলতার শিরোনামে এলেন দুই বাংলার জনপ্রিয় এই সিনেতারকা। ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সেরা বাঙালি অভিনেত্রীদের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাতে রয়েছে জয়ার নামও। বছর শেষে এমন সফলতায় বেশ উচ্ছ্বসিত তিনি। জয়া বলেন, ‘বছর শেষ হওয়ার আগে এমন সংবাদ সত্যিই অনেক আনন্দের। আমি কৃতজ্ঞ যারা আমাকে এই সম্মানটুকু দিয়েছেন। ভালো কাজের উত্সাহ আরো বেড়ে গেল।’
