২০২১ সালে ইংল্যান্ডের লঙ্কা সফর

আপডেট : ০৪ মে ২০২০, ২০:৪৪

স্পোর্টস ডেস্ক

গেল মার্চেই ইংল্যান্ড ক্রিকেট দল এসেছিল শ্রীলঙ্কায়। কিন্তু, দুই ম্যাচের টেস্ট সিরিজ না খেলেই দেশে ফিরে আসে করোনা ভাইরাসের প্রকোপে। স্থগিত হওয়া সিরিজ ২০২১ সালে অনুষ্ঠিত হবে। বছরের শুরুতে অর্থ্যাত্ জানুয়ারিতেই সিরিজটি আয়োজনে আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সংস্থাটির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘স্থগিত হওয়া সিরিজগুলো আয়োজনে আমরা নতুন করে সূচি ঠিক করছি। আপনারা জানেন ইংল্যান্ডের এখানে আসার কথা ছিল। কিন্তু সিরিজটি স্থগিত হয়েছে। আমরা আগামী জানুয়ারিতে সিরিজটি আয়োজনে আশাবাদী। যদিও এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঠিক হয়নি। পাশাপাশি আমরা অন্যান্য সিরিজ নিয়েও কাজ করছি। এখানে দক্ষিণ আফ্রিকারও আসার কথা ছিল। কিন্তু করোনায় সেটাও স্থগিত হয়েছে। আমরা সম্ভাব্য সব প্রস্তুতি রাখছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আমরা দ্রুত সিরিজগুলো আয়োজন করতে চাই। দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। তাদের সূচিতেও ধাক্কা এসেছে। সব মিলিয়ে যৌথ সিদ্ধান্ত নিয়ে আমরা ম্যাচগুলো খেলতে মুখিয়ে।’

জুনে শ্রীলঙ্কার মাটিতে দক্ষিণ আফ্রিকার তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। মহামারি করোনার কারণে প্রোটিয়াদের দীপরাষ্ট্রে সফর স্থগিত হয়েছে। এছাড়া জুন, জুলাই ও আগস্টে শ্রীলঙ্কায় সফর করার কথা রয়েছে ভারত ও বাংলাদেশের।  অ্যাশলে ডি সিলভা জানালেন, কয়েকদিনের ভেতরেই সিরিজগুলোর ভবিষ্যত্ নির্ধারণ হবে। তিনি বলেছেন, ‘সামনে আমাদের দুটি বড়ো সিরিজ রয়েছে। জুন-জুলাইয়ে ভারত এবং জুলাই-আগস্টে বাংলাদেশ দলের শ্রীলঙ্কায় আসার কথা। এ মুহূর্তে সিরিজগুলো নিয়ে কিছুটা হলেও অনিশ্চয়তা রয়েছে। তবে আমরা আশা ছাড়ছি না। আগামী সপ্তাহ কিংবা দুই সপ্তাহের ভেতরেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’