ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ী এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় জরুরি সেবার যানবাহনও। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বেতন-ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে রাস্তায় নামেন আফকো আবেদীন নামে পোশাক কারখানার কর্মীরা। বনানী থানার ইন্সপেক্টর আব্দুল মতিন বলেন, করোনায় সাধারণ ছুটি ঘোষণার পর অন্যান্য কারখানার মতো এ প্রতিষ্ঠানটিও বন্ধ হয়ে যায়। কিন্তু অন্য কারখানা খুলতে শুরু করলেও আফকো আবেদীন এখনো খুলেনি। তিনি বলেন, রবিবারও এসব নিয়ে বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর এবং কারখানার মালিকপক্ষ বৈঠক করে। কিন্তু সমাধান হয়নি। এ খবর ছড়িয়ে পড়ার পর সোমবার রাস্তায় নামেন শ্রমিকরা। আব্দুল মতিন বলেন, বনানীর প্রধান সড়কে ১১টার দিকে শ্রমিকরা রাস্তা অবরোধ করেন। ১৮০ শ্রমিকের বেতন-ভাতার দাবিতে তারা আন্দোলন করেন।
