করোনায় শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি

আপডেট : ০৪ মে ২০২০, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাসিক বেতন মওকুফে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। শিক্ষাসচিব বরাবর দেওয়া ঐ চিঠিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে ব্যবসাবাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছে অনেক চাকরিজীবী। এমন পরিস্থিতিতে নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষদের জীবিকানির্বাহ করাটা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

এমতাবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের মাসিক বেতন পরিশোধে নোটিশ দেওয়া হচ্ছে। তাই সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে আদায়যোগ্য মাসিক বেতনের অর্ধেক মওকুফে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী, শিক্ষাসচিব এবং সরকারি কর্মকর্তাদের অনুরোধ করছি। বেসরকারি সংগঠন ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন’ এর পক্ষে ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউসার গতকাল সোমবার এই চিঠি দেন।

শিক্ষাসচিব বরাবর দেওয়া ঐ চিঠিতে বলা হয়েছে, করোনার মতো ভয়াবহ এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দেশে সাধারণ ছুটি চলছে। দীর্ঘদিন যাবত্ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। প্রশ্ন উঠেছে এমতাবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক টিউশন ফি আদায় করতে পারে কি না।

ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান মাসিক বেতন পুরোপুরি বা আংশিক মওকুফ করেছে।  আমরা মনে করি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনস্বার্থে এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সরকারকে একটি সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা জরুরি।