কোনো উপসর্গ নেই
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
কোনো উপসর্গ না থাকলেও করোনা পরীক্ষায় নারায়ণগঞ্জের ৫৫ জন র্যাব সদস্য পজিটিভ শনাক্ত হয়েছেন। সতর্কতামূলক কয়েকধাপে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। আক্রান্তদের সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় র্যাব-১১ সদর দপ্তরের চারতলায় ও শহরের কালিরবাজার এলাকায় অবস্থিত ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানিতে দুটি আইসোলেশন সেন্টারে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, র্যাবের মোট ৫৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। র্যাব সদস্যদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে ভীড় থাকায় র্যাব-১১-এর ব্যারাকের চতুর্থতলার ওপর নিজস্ব ব্যবস্থাপনায় ১৪০ শয্যা ও ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানিতে ২০ শয্যার আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। আক্রান্তরা সেখানেই চিকিত্সাধীন রয়েছেন। তবে তারা সবাই সুস্থ আছেন। ইমরান উল্লাহ সরকার জানান, র্যাব সদস্যদের মধ্যে কোনো উপসর্গ নেই। যেহেতু তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করা, খাদ্য সহায়তাসহ আক্রান্তদের সংস্পর্শে যাচ্ছেন, সে জন্য তাদের থেকে যেন অন্যদের মধ্যে না সংক্রমণ হয় সেজন্য নমুনা পরীক্ষা করা হয়। তখন তাদের রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ হয়। তারপর থেকেই আইসোলেশনে আছেন আক্রান্তরা।
