খুলনায় ত্রাণবঞ্চিত হওয়ার অভিযোগ বহু মানুষের!

আপডেট : ০৪ মে ২০২০, ২১:৫৬

নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তরা বিপাকে

এনামুল হক, খুলনা অফিস

খুলনায় সুষ্ঠুভাবে বণ্টনের অভাবে বহু মানুষ ত্রাণ বঞ্চিত হচ্ছে। আবার হতদরিদ্ররা একেক জন দুই-তিন বার ত্রাণ পেলেও অনেকের ভাগ্যেই জুটছে না সরকারি ত্রাণ। এদিকে, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা পড়েছে চরম বিপাকে। ব্যবসাবাণিজ্য বন্ধ থাকায় অনেকের দিন চলছে আত্মীয়স্বজনের কাছ থেকে ধার কর্জ করে।

খুলনা মহানগরী সংলগ্ন বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মহম্মদনগর গ্রামের বাসিন্দা রিকশাচালক আব্দুল লতিফ বলেন, ‘লাইনে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু অনেক মানুষের ভিড়ের কারণে আমার পর্যন্ত পৌঁছার অনেক আগেই ত্রাণ ফুরিয়ে যায়।’ নগরীর লবণচরা এলাকার বাসিন্দা ইউসুফ মিয়া বলেন, ‘আমরা এখন কীভাবে দিন কাটাচ্ছি তার খোঁজ নিচ্ছে না কেউ।’ সোহাগ পরিবহনের হেলপার শাহীন বলেন, ‘এক মাসেরও বেশি সময় ধরে বেকার বসে আছি। কোনো আয়-রোজগার নেই। এখন ঘর ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালাও চাপ দিচ্ছে।’  ঈগল পরিবহনের কাউন্টার ম্যানেজার অলোক কুমার সাহা বলেন, ‘শ্রমিক ইউনিয়ন থেকে বাসের হেলপার, ড্রাইভাররা কিছু সাহায্য পেলেও ছয়-সাতটি কাউন্টারের ৭০-৮০ জন লোক এখনো কোনো ধরনের সাহায্য পায়নি।’

ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস বলেন, ‘এ পর্যন্ত তার ইউনিয়নে ১৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দুই কিস্তিতে ৪৪ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে। আমার ইউনিয়নে আবাসন কেন্দ্রের ২৬০টি পরিবারসহ ৩ হাজার ৪০০ হতদরিদ্র  রয়েছে। পরিবার প্রতি এদেরকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।’

খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘আমরা প্রতি সপ্তাহে হতদরিদ্র ও শ্রমজীবী মানুষের মধ্যে ১০০ টন চাল বিতরণ করছি। তবে, আরো সাহায্য পেলে দরিদ্র ও অসহায় মানুষদের জন্য সাহায্য-সহযোগিতা করতে সুবিধা হতো।’ খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দার বলেন, ‘এ পর্যন্ত সরকারিভাবে খুলনা মহানগরীসহ জেলায় ১ হাজার ৮১৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে খুলনা সিটি করপোরেশন এলাকায় দেওয়া হয়েছে ৪৯৩ মেট্রিক টন। এছাড়া, মহানগরীসহ জেলায় ৮৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’ খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ‘খুলনায় সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’