চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার পুলিশ বক্সে হামলার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার নগরীর বাকলিয়া থানাধীন ডিসি রোডের গণি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথের নেতৃত্বে একটি টিম। হামলায় নব্য জেএমবির সাত সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেছে। জড়িত তিন জনকে গ্রেফতারের পর গতকাল সোমবার এ সব তথ্য জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।
গ্রেফতারকৃত তিন জন হলেন, সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা হাদুরপাড়া এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে মো. সাইফুল্লাহ। সে চকবাজার এলাকার নূরা এন্টারপ্রাইজ নামে একটি কম্পিউটার দোকানের কর্মচারী। দক্ষিণ মারফলা এলাকার মনির আহমদের ছেলে মো. এমরান। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র। এবং উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার মহরম আলীর ছেলে মো. আবু সালেহ। সে ন্যাশনাল পলিটেকনিকের ছাত্র।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাতে নগরীর দুই নম্বর গেট মোড়ের পুলিশ বক্সে বোমা বিস্ফোরণে সার্জেন্ট আরাফাতুর রহমান, সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আতিকসহ পাঁচ জন আহত হন।
