ত্রাণের দাবিতে ম্যাজিস্ট্রেটের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ

আপডেট : ০৪ মে ২০২০, ২২:২৯

রাজশাহীতে ত্রাণের দাবিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে কর্মহীন দরিদ্র মানুষ। গতকাল সোমবার নগরীর পঞ্চবটি এলাকার সড়কে কয়েক শ এলাকাবাসী এ বিক্ষোভে অংশ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

স্থানীয়রা জানান, পঞ্চবটির একটি অটোর গ্যারেজ বন্ধ করে দেয় পুলিশ। এতে ঐ এলাকার অটোচালক ও তাদের পরিবার খাদ্য সংকটে পড়ে। এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া নগরীর কাটাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে শহরে ফিরছিলেন। এ সময় পঞ্চবটি এলাকায় পৌঁছালে আগে থেকেই জড়ো হয়ে থাকা এলাকাবাসী ‘মোবাইল কোর্ট’ লেখা ব্যানারের গাড়ি দেখে থামায়। ম্যাজিস্ট্রেটের পরিচয় পেয়ে গাড়িটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ এলাকাবাসী ম্যাজিস্ট্রেটকে জানান, তাদের আয়ের উত্স বন্ধ। কিন্তু ত্রাণ পাচ্ছেন না। ফলে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। পরে তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে পরিস্থিতি জানান। এরপর বিক্ষুব্ধ জনতাকে সন্ধ্যার মধ্যে তালিকা তৈরি করে ত্রাণ দেওয়া হবে বলে আশ্বাস দেন।

বিক্ষোভকারী কলিমউদ্দিন দাবি করেন, কাউন্সিলর কাদেরকে ত্রাণ দিয়েছেন তারা জানেন না। কোনো ত্রাণ না দেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। ক্ষুধা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর আরমান আলী বলেন, এলাকার নিম্নআয়ের মানুষদের তালিকা করে ত্রাণ দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, জেলা প্রশাসক হামিদুল হক এরই মধ্যে তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। যারা প্রকৃত দুস্থ, তাদের ত্রাণ দেওয়া হবে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করেন। নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ত্রাণের দাবিতে বিক্ষোভ হয়েছে। তবে  ত্রাণ দেওয়ার আশ্বাসে তারা ফিরে যায়।