গাজীপুরে শিশু অপহরণ ও হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট : ০৫ মে ২০২০, ০০:১৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী পারিজাত এলাকায় শিশু আলিফ হোসেনকে (৫) অপহরণ ও হত্যা মামলার অন্যতম আসামি ও হত্যার মূল পরিকল্পনাকারী জুয়েল আহমেদ ওরফে সবুজ (২২) রবিবার রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়কালে দুই জন র্যাব সদস্য আহত হয়েছেন। নিহত জুয়েলের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার পদিপাড়া গ্রামে। তার বাবার নাম রফিক উল্লাহ।

র্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, জুয়েল আহমেদ ওরফে সবুজকে নিয়ে কোনাবাড়ি এলাকায় অভিযানে গেলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাব পালটা গুলি ছুড়লে সন্ত্রাসী জুয়েল নিহত হয়। এ সময় র্যাবের দুই জন সদস্য আহত হয়েছেন।

উল্লেখ্য, গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে অপহরণের পাঁচ দিন পর নিজ বাড়ির গোডাউন থেকে শনিবার রাতে শিশু আলিফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে র্যাব-১ এর সদস্যরা। নিহত আলিফ হোসেন (৬) ঐ এলাকার ঝুট কাপড়ের ব্যবসায়ী মো. ফরহাদের ছেলে। অপহরণের পর অপহরণকারীরা আলিফের বাবার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পূবাইল থেকে সাগর নামে এক জনকে আটক করে র্যাব। তার স্বীকারোক্তি অনুযায়ী, ফরহাদের বাড়ির তিন তলার ঝুটের গোডাউন থেকে শিশু আলিফের মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, সাগর ও জুয়েলসহ কয়েকজন ফরহাদের বাড়ির তিন তলায় ভাড়া থাকতো। বাড়ির ছাদে উঠে নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় বাড়িওয়ালা ফরহাদ সাগরকে চড়-থাপ্পড় মেরেছিল। রাগের বশবর্তী হয়ে তারা ফরহাদের ছেলেকে অপহরণ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সাগর।