সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেনকে (রতন) নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মাহতাব উদ্দিন তালুকদার (৪০) নামে এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২ টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বলাকাপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাহতাব এসএ টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক। তার বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার স্বরুপগঞ্জ গ্রামে।
এর আগে রাত ১২টায় জেলার ধরমপাশা থানায় মাহতাব উদ্দিন তালুকাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলা বাদী হন ধরমপাশা উপজেলার উত্তরবীর গ্রামের বাসিন্দা বেনুয়ার হোসেন খান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাংসদ মোয়াজ্জেম হোসেনের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।
আরো পড়ুন: খুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, বাদী তার এজহারে উল্লেখ করেছেন-আসামি মাহতাব উদ্দিন তালুকদার তার নিজের ফেসবুকে সোমবার রাত নয়টা ৪৫ মিনিটে সাংসদ মোয়াজ্জেম হোসেন নিয়ে একটি পোস্ট দেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন বেনুয়ার হোসেন খান। মামলা দায়েরের পর তারা বিষয়টি সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবহিত করেন। পরে সদর থানা পুলিশ ধরমপাশা থানা পুলিশের সহায়তায় আসামিকে গ্রেফতার করে।
মাহতাব উদ্দিন তালুকদারকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সহিদুর রহমান।
ইত্তেফাক/এএএম
