করোনা সংকট চলাকালীন সময়ে গফরগাঁও উপজেলার কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত অনুদানের চেক, গৃহহীনদের গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, নগদ টাকা এবং হতদরিদ্রদের মধ্যে সরকারি যাকাত ফান্ডের যাকাত বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
ফাহমী গোলন্দাজ বাবেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে কওমী শিক্ষা ব্যবস্থাকে সম্মানিত করাসহ, আলেম-উলামা ও পীর-মাশায়েখদের মূল্যায়নের বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উলামা-মাশায়েখ বান্ধব। আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে। জননেত্রী শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন। ইতিপূর্বে দেশের কোন সরকার প্রধান কওমী মাদ্রাসার শিক্ষার্থী বা মাদ্রাসায় অনুদান প্রদান করেননি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মাদ্রাসাগুলোর দাওরা হাদিসের সনদকে স্বীকৃতি প্রদান করেছেন।
আরও পড়ুনঃ সাংসদকে নিয়ে ফেসবুকে পোস্ট, সাংবাদিক গ্রেফতার
বাবেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কওমী মাদ্রাসার দুস্থ ও এতিম শিক্ষার্থীরা এই অনুদান পেয়ে উৎসাহিত হবেন এবং তাদের শিক্ষা কার্যক্রম আরও বেগবান হবে।
এ সময়, উপজেলার ৪টি কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত অনুদানের চেক, দরিদ্রদের মধ্যে গৃহনির্মাণের ১’শ ১১ বান্ডিল ঢেউটিন, তিন লাখ তেত্রিশ হাজার টাকা এবং ২২ জন হতদরিদ্র ব্যক্তিকে সরকারি তহবিলের যাকাত প্রদান করেন ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার ইমদাদুল হক প্রমুখ।
ইত্তেফাক/ এমএএম
